মহেশখালীর উপর দিয়ে বয়ে গেল কাল বৈশাখী ঝড়। আর কালবৈশাখীর তান্ডবে ভেঙ্গেছে স্কুলের আধাপাকা ভবন ৷
শনিবার (২১ মে) সকালে মহেশখালীর আকাশে মেঘ জমে শুরু হয় কালবৈশাখী ঝড়। প্রায় ৩৫ মিনিট ব্যাপি বয়ে চলা ঝড়ে প্রচণ্ড বাতাসে হোয়ানক পূর্ব হরিয়ার ছড়া বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা ভবনটি ভেঙে যায়।
এসময় ক্লাস চলাকালীন ছাত্র-ছাত্রীরা দিকবেদিক ছোটাছুটি করে। এ ঘটনায় স্কুলের তিন শিক্ষার্থী আহত হয় ৷
আহতদের মধ্যে দুজনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ৷ আহত অপর শিক্ষার্থীকে চিকিৎসার্থে কক্সবাজার সদরে নেওয়া হয়েছে ৷
তার নাম মুনতাহা (৭)। সে স্থানীয় হরিয়ার ছড়ার আলম সওদাগরের মেয়ে এবং উক্ত স্কুলের প্রাক প্রাথমিক শিশু শ্রেণীর শিক্ষার্থী ৷
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব হরিয়ার ছড়া বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি নুরুল আবছার।
স্থানীয়রা জানান, লোহা ছাড়া আধা পাকা ভবনটি নির্মাণ করায় এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে। একটি টেকসই স্কুল ভবন নির্মাণ করার জন্য অনুরোধ জানিয়েছেন অভিভাবকেরা।
স্কুল ভেঙ্গে পড়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন সরেজমিনে পরিদর্শন করে সবাই সতর্কতা থাকার আহবান জানান এবং আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করেন ৷ ভেঙ্গে পড়া স্কুল পুনঃসংস্কারের জন্য সাংসদ আশেক উল্লাহ রফিক ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে, সে সাথে আহত স্কুল ছাত্রী মুনতাহা”র চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করছেন বলে জানান বিদ্যালয় কমিটির সভাপতি নুরুল আবছার।
কাল বৈশাখী ঝড়ে ভেঙ্গে যাওয়া স্কুল সংস্কারের জন্য এমপি মহোদয়ের তহবিল থেকে আর্থিক অনুদান দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন ৷







