কক্সবাজারের চকরিয়ায় চলন্ত এম্বুল্যান্স থেকে ছুঁড়ে ফেলে একদিন বয়সী নবজাতক শিশুকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছেন। গতকাল বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর বিকাল দুইটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের পাশের পরিত্যক্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল বিকালে কক্সবাজার থেকে চট্রগ্রামমূখি একটি এ্যাম্বুলেন্স মাইক্রোবাস মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের পাশের এলাকায় পৌছালে নবজাতক শিশুকে ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থলে গিয়ে দেখে সেখানে একটি শিশুর মরদেহ পড়ে আছে। পরে বিষয়টি স্থানীয় লোকজন খুটাখালী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের জানান। পরে ইউপি চেয়ারম্যান মো আবদুর রহমান বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করেন।
চকরিয়া থানার ওসির নির্দেশে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছেন এসআই ওমর ফারুক। তিনি বলেন, স্থানীয়
জনপ্রতিনিধিদের দেওয়া সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়ক লাগোয়া খুটাখালী ইউনিয়ন পরিষদের পাশে পরিত্যত্ত জায়গা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটির বয়স একদিন হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, উদ্ধার করা নবজাতক মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে এম্বুল্যান্স গাড়িটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।







