কক্সবাজারের পেকুয়ায় ধানের বস্তায় ভরে সিএনজি অটোরিকশা যোগে অভিনব কৌশলে পাচারকালে ১২০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এসময় পাচারকারী দুই যুবককে আটক করা হয়।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী ষ্টেশন থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন,চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর দেয়াং এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে মো.সাইফুর রহমান (২৭) ও একই উপজেলার কোটারপাড়ার এলাকার মো.জাহাঙ্গীর আলমের ছেলে কাউছার (১৯)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, অভিনব কায়দায় মদগুলি পটিয়ায় নিয়ে যাচ্ছিল। সদর ইউপির সাবেকগুলদী ষ্টেশনে পুলিশের চেকপোস্ট চলাকালীন সময়ে এসআই ইসমাইলের নেতৃত্বে পুলিশ একটি ব্যাটারিচালিত অটোরিক্সা (সিএনজি) থেকে সন্দেহভাজন দু’জনকে আটক করে।
এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ১২০ লিটার চোলাইমদ উদ্ধার করে। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা (০৪/২২) রুজু করে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।







