মহেশখালী কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলি ও এলোপাতাড়ী ধারালো দায়ের কোপে আলাউদ্দীন নামের এক যুবক খুন হয়েছে। নিহত যুবক কালারমারছড়া বাজার এলাকার লেদুর পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮ টায়। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা ওই এলাকার কয়েকটি ঘরে আগুন দিয়েছে।
জানা যায়, কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনার বাসিন্দা লেদুর পুত্র আলাউদ্দিন ৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় একটি সিএনজি নিয়ে নোনাছড়ী বাজারে যায়।
সেখান থেকে কাজ সেরে একই সিএনজি যোগে বাড়ী ফেরার পথে সামিরা ঘোনাস্থ কালুর ব্রীজ এলাকায় ১০/১২ জন সন্ত্রাসী তার গাড়ী গতিরোধ করে।
তাকে টানা-হেঁচড়া করে গাড়ী থেকে নামিয়ে এলোপাতাড়ী কোপাতে থাকে। এরপর কয়েক রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সংবাদ পেয়ে কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ সহ স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তার মৃত্যুর নিশ্চিত করেন।
এ সংবাদ এলাকায় পৌঁছার সাথে সাথে বিক্ষুব্ধ লোকজন কয়েকটি ঘরে আগুন দিয়েছে। মহেশখালী থানার ওসি জানান, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।







