কক্সবাজারে সপ্তাহব্যাপী জমজমাট পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আগামীকাল পর্দা নামার কথা রয়েছে। গতকাল সোমবার ২ অক্টোবর ছিলো কক্সবাজার পর্যটন মেলা ও বিচ কার্নিভালের ষষ্ঠ দিন। এদিনও বৃষ্টি উপেক্ষা করে বিকেলে বিচ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপ্তী চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার জিল্লুর রহমান, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী।
সন্ধ্যায় জেলা প্রশাসক শাহীন ইমরানের সভাপতিত্বে ‘পর্যটক এবং পর্যটন আকর্ষণের নিরাপত্তা ও সুরক্ষা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম ও গেস্ট অব অনার ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম, টুয়াক নেতা আনোয়ার কামাল সহ সংশ্লিষ্টরা। সেমিনারটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ) মোঃ নাসিম আহমেদ।
সপ্তাহব্যাপী এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। মূলত বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারকে বিশ্বময় ছড়িয়ে দিতে ও এখানকার পর্যটন শিল্পের প্রসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। আজ মঙ্গলবার শেষ হচ্ছে পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যাল।
মঞ্চের সামনেই সড়কের উভয় পাশে স্থাপন করা হয়েছে সারি সারি স্টল। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন বিষয়াদি স্টলে উপস্থাপন করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেলায় ঘোরাঘুরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যটকরা এসে এসব ঘুরে ঘুরে দেখছেন।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে পর্যটন মৌসুমের শুরুতেই পর্যটন মেলা ও বিচ কার্নিভালের এই আয়োজন করা হয়েছে।







