কক্সবাজারের চকরিয়া জমজম হাসপাতাল থেকে হুমায়ুন কবির (৩৫) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ভুয়া চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ভুয়া চিকিৎসক মুন্সিগঞ্জ জেলার টরকী ইসলামপুর এলাকার মোহাম্মদ দিদারুল আলমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাহাত উজ্জামান।
তিনি বলেন, চিকিৎসক সেজে অপচিকিৎসা দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া জমজম হাসপাতালে অভিযান চালানো হয়। সেখান থেকে হুমায়ুন কবিরকে আটক করা হয়।
তিনি বলেন, ডিগ্রি না থাকলেও সার্জন হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখা ও প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার জরিমানা করা হয়েছে।
এই ভুয়া চিকিৎসক দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার ভিজিটিং কার্ডে লেখা উচ্চ ডিগ্রি ব্যবহার করছেন, তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলেও জানান তিনি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।







