ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানিয়েছেন, রোববার (২৩ অক্টোবর) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সভায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, জেলায় ৫৭৬টি আশ্রয় কেন্দ্র, ৯ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে পর্যাপ্ত খাবারও মজুদ রাখা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার রাত থেকে আজ সোমবার অবধি গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে পর্যটকদের নিরাপদে চলাফেরার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার দুপুর ২টা থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানান, দুর্যোগ মোকাবিলায় কক্সবাজার শহরে ১০টি আশ্রয়কেন্দ্র, কন্ট্রোল রুম ও মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া খাদ্য, পানি ও জরুরি সেবার জন্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।







