সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রক্তাক্ত এক শিশু কন্যাকে নিজের কোলে তুলে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বের চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গিয়ে মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজারের মেয়র মুজিবুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে চকরিয়া-পেকুয়া সড়কের বরইতলী এলাকায় সিএনজি গাড়িতে এ দুর্ঘটনার শিকার হয় জান্নাতুল তানজিদ নিশকাত রূপা নামে শিশুটি।
স্থানীয় লোকজন জানান, গাড়ির ধাক্কায় ছোট্ট মেয়েটি যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন পথিমধ্যে পেকুয়া থেকে জেলা পরিষদের নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় মেয়েটিকে দেখতে পান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
মুহুর্তের মধ্যে গাড়ি থেকে নেমে নিজের কোলে ধরে সিএনজিতে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মেয়র। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আঘাত গুরুতর হওয়ায় নিজের টাকায় ভাড়া করা এম্বুলেন্সে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন ডাক্তাররা।
মেয়র মুজিবুর রহমানের সহকারী আবু বক্কর ছিদ্দিক বলেন, কক্সবাজার সদর হাসপাতালে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু শিশুটির বাবা টাকা না থাকায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে পারছে না বলে তার বাবা আবুল কালাম জানান । এরপর ফলোআপ খবর নিতে গিয়ে মেয়র মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে নগদ ৫৫ হাজার টাকা দিয়ে দ্রুত এম্বুলেন্সে তুলে দেন আহত শিশুকে । সেই সাথে মেয়েটির যাবতীয় চিকিৎসার পুরো ব্যয়ভার গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন মেয়র মুজিবুর রহমান ।
এদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের এমন মানবিক ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন জনপ্রিয় এ রাজনীতিক। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সর্বসাধারারণ মুজিবুর রহমানের মতো এমন মানবিক মেয়র মুজিবুর রহমানকে সাধুবাদ জানিয়েছেন।







