কক্সবাজার সমুদ্রসৈকতে শুক্রবার সকাল ৭ টায় গোসলে নেমে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের ৯ ঘণ্টা পর মোহাম্মদ তাহসিন নামের ওই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুজ্জামান বলেন, তাহসিনসহ তার চার বন্ধু শুক্রবার ভোরে কক্সবাজার পৌঁছায়। এর মধ্যে তিন বন্ধু সমুদ্রে গোসলে নামেন। গোসলের একপর্যায়ে সকাল ৭টার দিকে ফয়সাল নামের এক বন্ধু সাগরে ডুবে যেতে থাকে। এ সময় তাহসিন বন্ধু ফয়সালকে উদ্ধার করতে সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু ফয়সাল কূলে উঠতে পারলেও তাহসিন স্রোতের টানে ভেসে যায় সমুদ্রের গভীরে।
তাহসিনের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকায়। সে কুমিল্লা শহরের কাসেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান আরো বলেন, নিহত তাহসিনের পরিবারকে সকালে জানানো হয়েছে। তারা এখন কক্সবাজারের পথে।মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







