কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে গর্তে বালু চাপা পড়ে আলী হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্ত্রী নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার ৯ নভেম্বর সকালে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য নূর নেওয়াজ বেগম ও তার ছেলে জমির উদ্দিনের নাম উল্লেখপূর্বক ৫-৬জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
আগেরদিন সোমবার ৮ নভেম্বর বিকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাহাড় ঘেষা বগাচতর এলাকায় বালু উত্তোলনকালে গর্তের বালু চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান শ্রমিক আলী হোসেন।
খবর পেয়ে পরে চকরিয়া থানার এসআই আবু সায়েমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহত আলী হোসেন কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের কুলিয়া পাড়ার বশির আহমদের ছেলে। তিনি ডুলাহাজারাস্থ শ্বশুর বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতো।
স্থানীয় লোকজন জানায়, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বগাচতর এলাকায় ২.৪৮ একর চরাখাল লীজ নিয়ে স্থানীয় যুবলীগ নেতাসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি শ্রমিক ভাড়া করে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন অবৈধভাবে বিস্তীর্ণ পাহাড় ও সমতল ভূমি থেকে বালু উত্তোলন করে আসছিলেন।
এই অবস্থার ফলে ওই পয়েন্টে নিয়মিত বালু উত্তোলনের ফলে বেশ কয়েকটি বড় আকারের গর্তের সৃষ্টি হয়। একটি গর্তে নেমে বালু উত্তোলন করার সময় বালুর স্তুপ ভেঙ্গে চাপা পড়ে আলী হোসেন। পরে স্থানীয় লোকজন বালু চাপা পড়া শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, বালু চাপা পড়ে নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। এতে স্থানীয় এক মহিলা ইউপি মেম্বার ও তার ছেলেসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
ছবি: ফাইল ছবি।







