কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের বর্তমান কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সংক্রান্ত দায়েরকৃত মামলা অবশেষে খারিজ করে দিয়েছেন আদালত। গত ২৪ অক্টোবর ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারা মতে উল্লেখিত মামলাটি খারিজ করে দিয়েছেন সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ কক্সবাজার এর বিজ্ঞ বিচারক।
প্রসঙ্গত: ২০২১ সালের ১২ জানুয়ারি মামলা নং-সি.আর-৪১/২০২১ (সদর) ৪০৬, ৪২০ ধারায় কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি ফজলুল করিম সাঈদী ও সদস্য ছিদ্দিক আহমদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার আমিনুজ্জামানের পুত্র ফরহাদুজ্জামান।
বাদীপক্ষের আইনজীবী জানান, আসন্ন জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে মুলত বর্তমান কমিটিতে ঘায়েল করতেই ডিএফএ’র সভাপতি ফজলুল করিম সাঈদী ও সদস্য ছিদ্দিকের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল।
পরে মামলাটি পিবিআই’র পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে পিবিআই পুলিশ তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার পর গত ২৪ অক্টোবর ধার্য্য দিনে শুনানী শেষে আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন।
এদিকে মামলা খারিজ হওয়ার পর প্রতিক্রিয়ায় জানিয়ে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, দীর্ঘ কয়েকবছর ধরে জেলার ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছি। ক্রীড়াঙ্গন তথা জেলার ফুটবলের উন্নয়ন, খেলোয়াড় তৈরি, টুর্ণামেন্টে অংশগ্রহণসহ নানা কাজে ব্যক্তিগত তহবিল থেকে লাখ লাখ টাকা খরচ করেছি। সেখানে অর্থ আত্মসাতের মতো অভিযোগটি একেবারে ভিত্তিহীন।
তিনি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিজ্ঞ আদালত মামলা খারিজ করেছেন। এটি আমাদের প্রথম বিজয়। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিতব্য জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনে আমার নেতৃত্বে সাবেক তারকা সমৃদ্ধ খেলোয়াড়, কোচ-রেফারীদের নিয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে। আমাদের প্যানেল জয়ী করে ডিএফএ’র উন্নয়নে আগের চেয়ে আরো ত্বরান্বিত হবে।##







