চট্টগ্রাম নগরীর জেএম সেন হল প্রাঙ্গণে পূজা মন্ডপে হামলার ঘটনায় অন্তত ৬শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ অক্টোবর, শনিবার সকালে কোতোয়ালী থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এতে এজাহার নামীয় ৮৪ জনের পাশাপাশি অজ্ঞাত আরও ৫শ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাংচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, জেএম সেন হলে হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
এ পর্যন্ত ওই মামলায় ৮৪ জনকে ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৮৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া অজ্ঞাত আরও ৫শ জনকে আসামি করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।







