চট্টগ্রাম নগরী পাঁচলাইশ থানার মোহাম্মদপুরে নিজ ঘর থেকে সুমিতা খাতুন ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলায় স্বামী সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ অক্টোবর, শুক্রবার রাতে সুমিতা খাতুনের ফুফা সামশুল হক বাদি হয়ে মামলা দায়েরের পর স্বামী সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় সুমিতা খাতুনের ফুফা সামশুল হক বাদি হয়ে স্বামী সোহেল রানাকে আসামি করে মামলা দায়ের করেছে।
ওই মামলায় সোহেল রানাকে গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাবাদের জন্য সোহেল রানার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার মোহাম্মদপুর এলাকার এসএস হাউজের সাত তলা আবাসিক ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট বাসা থেকে মা সুমিতা খাতুন, মেয়ে মুন (৭) ও ছেলে শানের (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।







