ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের মধ্যে অবস্থিত একটি চেকপয়েন্টে ফিলিস্তিনি ট্রাক চালকের হামলায় এক ইসরায়েলি সৈন্য নিহত এবং দুইজন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও মেডিকেল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার বেইট সিরা নামে ফিলিস্তিনিদের কাছে পরিচিত ম্যাকাবিম চেকপয়েন্টে এ ঘটনা ঘটে এবং চালক অবিলম্বে ঘটনাস্থল ত্যাগ করেন। শুধুমাত্র ছয় কিলোমিটার (চার মাইল) দূরে অন্য একটি চেকপয়েন্টে ওই ট্রাক চালককে থামানোর জন্য তাকে গুলি করা হয়। এতে ওই ব্যক্তি মারা যান। ইসরায়েলি দৈনিক হারেৎজ তাদের প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতি বলেছে, চালককে হত্যা করা হয়েছে।
একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নিহত সৈনিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আক্রমণকারীকে হত্যা করার জন্য নিরাপত্তা বাহিনীর দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি।
একজন ইসরায়েলি পুলিশ কমান্ডার ট্রাক চালককে ৪১ বছর বয়সী ফিলিস্তিনি বলে বর্ণনা করেছেন, যার ইসরায়েলে কাজ করার অনুমতি ছিল।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি সাদা ট্রাককে নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছে। দ্বিতীয় চেকপয়েন্টে চালককে গুলি করে হত্যা করার পর তারা ওই ট্রাকটিকে ঘিরে রাখে।
যে চেকপয়েন্টটিতে ট্রাকটি ইসরায়েলি সৈন্যদের ধাক্কা দিয়েছিল সেটি মধ্য ইসরায়েল থেকে অধিকৃত পশ্চিম তীরের মধ্য দিয়ে জেরুসালেমে যাওয়ার একটি প্রধান সড়কে অবস্থিত। এটি ইসরায়েলি শহর মোদিনের পাশে অবস্থিত। এ চেকপয়েন্টটি সাধারণত যাত্রী এবং নিরাপত্তারক্ষী বা সৈন্যদের দ্বারা পরিপূর্ণ থাকে।







