সম্প্রীতি বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালীর হাজার বছরের ঐতিহ্য। অসাম্প্রদায়িক চেতনা হচ্ছে– আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা। তাই ৭২ এর সংবিধানে রাষ্ট্রীয় চার মূলনীতির অন্যতম হিসেবে স্থান করে নেয় ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। এই সম্প্রীতি রক্ষায় আমরা সম্ভব সবকিছু করতে প্রস্তুত।

তিনি বলেন, একটি স্বার্থান্বেষীমহল হীনস্বার্থ চরিতার্থ করতে ঘোলা জলে মাছ শিকার করে ফায়দা তুলতে চায়। তাদের চিহ্নিত করতে হবে, মোকাবেলা করতে হবে।
তিনি সোমবার ৩ অক্টোবর কক্সবাজারের চকরিয়া বরইতলী হিন্দুপাড়ায় শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিন পূজামণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সদস্য, সাংবাদিক জহিরুল ইসলাম, আলমগীর হোসেন ও এডভোকেট ফয়জুল কবির।
পরে নেতৃবৃন্দ চকরিয়া পৌরসভা ভরামুহুরী কালি মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।







