কক্সবাজারের মহেশখালীতে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন(র্যাব) অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজার ইয়াবাসহ চার মাদককারবারীকে আটক করেছে।
বুধবার রাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাব। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক(আইন ও গনমাধ্যম) এবল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন, জাহিদ হোসেন (৩২),কবির হোসেন (৪০), ছালামুত উল্লাহ (২১) ও রুহুল আমিন (৪৫)। তারা কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান, মাছ ধরার ট্রলারে করে সাগর পথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচারের সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাব।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে চারজনকে আটক করে।
তাদের স্বীকারোক্তি মতে, ট্রলারটি তল্লাশি করে ১লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, এই চক্রটি মিয়ানমার থেকে সাগর পথে মাদক এনে মহেশখালীর সোনাদিয়া ও ঘটিভাঙ্গায় মজুদ করে।
সেখান থেকে এসব ইয়াবা সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। র্যাব এই মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।







