দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হওয়া কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিলে সমঝোতা না হওয়ায় কমিটি ছাড়াই শেষ হলো সম্মেলন ও কাউন্সিল।
শুক্রবার বিকেলে বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর মধ্য দিয়ে শুরু হয় প্রথম অধিবেশন অর্থাৎ সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, বিএনপি কখনোই গণতন্ত্রের পথে হাঁটতে পছন্দ করে না।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এরপর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ড. জমির উদ্দিন সিকদারের সভাপতিত্বে শুরু হয় কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে ১১ জন সভাপতি এবং ২১ জন সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা করেন। তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের মাঝে জমা দেন জীবনবৃত্তান্ত।
তাদেরকে দীর্ঘক্ষণ সময় দেওয়া হয় সমঝোতার জন্য। কিন্তু তাদের মাঝে কোন সমঝোতা হয়নি। এভাবেই নতুন কমিটি ছাড়াই হতাশ ঘরে ফিরেন সম্মেলন ও কাউন্সিলে আসা হাজার হাজার নেতাকর্মী।







