কক্সবাজারের পেকুয়ায় পৃথক অভিযান চালিয়ে দুই হাজার তিনশত পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার টইটং বাজারে অভিযান চালিয়ে জাঈদুল হক (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক জাঈদুল হক রাজাখালী ইউনিয়নের বামুলারপাড়া এলাকার মোকতার আহমদের ছেলে। অপরদিকে গেল বুধবার(১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি নুইন্যামুইন্যা ব্রীজ সংলগ্ন এলাকায় উপপরিদর্শক (এসআই) মো.মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মো.শহিদুল ইসলাম শাওন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১হাজার ৯শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শাওন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়েদাবাদ এলাকার মৃত.ফারুকের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,গোপন সংবাদে জানতে পেরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করেছে। সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।







