কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার (২৭ জুলাই) ভোররাতে উজানটিয়া রূপালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সকালে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহত ছাত্রী শামারুক নাহার (২০) উজানটিয়া এ এস আলীম মাদ্রাসার আলীম দ্বিতীয় বর্ষের ছাত্রী ও রুপালী বাজার পাড়া এলাকার বাহার উদ্দিনের মেয়ে।
স্থানীয় প্রতিবেশীরা জানান, সকালে নিজ বাড়ির একটি কক্ষে ঘরের আঁড়ির সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল শামারুক নাহার। তাদের ধারণা রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।
মা গোলচেহের বেগম জানায়, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিল আমার মেয়ে। ভোরে ফজরের নামায আদায় করতে রুমে ডাকতে যাই।
কোন সাড়া শব্দ না পেয়ে বেড়ার ফাঁকে উঁকি দিয়ে দেখি মেয়ে ঘরের আঁড়ির সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলানো।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল তার অভিভাবকেরা।
মেয়ে রাজি ছিল না। মা বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানায় তারা।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,পুলিশ ঘটনাস্থলে গেছে।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।







