কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১৫ কক্সবাজারের প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া ডাবল ব্রীজের উপর কতিপয় দুষ্কৃতিকারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার নিমিত্তে সশস্ত্রভাবে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই (শনিবার) পৌনে ৩টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন দুষ্কৃতিকারীকে বটক করে। পরে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১টি ওয়ান শুটার সিঙ্গেল ব্যারেল গান, ১টি ওয়ান শুটার থ্রী কোয়ার্টার গান, ৬ রাউন্ড এমজি বুলেট, ৫ রাউন্ড ১২ বোর কার্তুজ, ২ টি বাটন মোবাইল ফোন ও ৩টি সীম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো- পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকার মোঃ গোলাম কাদেরের পুত্র মোঃ রিদোয়ান (৩২), মৃত সেলিমের পুত্র মোঃ সোহেল মিয়া ওরফে সাইফুল (প্রকাশ কালু) (২৩)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) এর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ ধৃতদের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, গ্রেপ্তারকৃত ২ ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।







