কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে গত ৯ দিনে চারটি লাশ পাওয়া যায় নাফ নদীতে ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) মধ্য রাত ও মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার দুই এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর অজ্ঞাতপরিচয় দুটি মরদেহ উদ্ধার করা হয়।
ওসি হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াসংলগ্ন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহে পচন ধরেছে, চেহারা বিকৃত হয়ে গেছে।
এ ছাড়া সোমবার মধ্যরাতে স্থানীয়দের খবরে নদীর সাবরাং এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ওসি ।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।







