কক্সবাজারের টেকনাফে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক তরুণ মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন গোসলে করতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এনায়েতুর রহিম (২২) নামে এক তরুণ মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান। নিহত রহিম ফুটবলার ও একই এলাকার রশিদ আহম্মদের ছেলে।
অপর দিকে শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় রিয়াজ উদ্দিন (১১) নামের এক শিশু পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মারা গেছে। রিয়াজ উদ্দিন ওই এলাকার মো. শফিকের ছেলে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, দুজনের প্রাণহানির ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।







