কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ ও লম্বরি ঘাটে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে খাদ্যসামগ্রী, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৮৫ বোতল বিদেশি মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ১৯ পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লুৎলাহিল মাজিদ।
তিনি বলেন, ভোরে মাদকের একটি চালান মিয়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
লুৎলাহিল মাজিদ বলেন, অভিযান চলাকালীন ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩১টি বস্তা দেখতে পাওয়া যায়।
পরে বস্তাগুলো তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৮৫ বোতল বিদেশি মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।
সেখানে কোনো পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
একই দিন টেকনাফ থানার লম্বরি ঘাট থেকে কাঠের বোটে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য ও তেল শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন টেকনাফ ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লম্বরি ঘাট থেকে কয়েকটি কাঠের বোটকে মিয়ানমারের দিকে যেতে দেখা যায়।
এ সময় কোস্টগার্ড সদস্যরা বোটগুলোকে ধাওয়া করে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোটে রাখা ১৫ বস্তা শুকনা মরিচ, ৪০ বস্তা পেঁয়াজ, ১ বস্তা তামাক পাতা, ৩ বস্তা টেস্টিং সল্ট, ১ হাজার ৮২১ লিটার অকটেন, ৩ হাজার ৭৫২ লিটার তেল, ১৩৬ লিটার ডিজেলসহ ১৯ পাচারকারীকে আটক করা হয়।







