কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারী। ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরির সদস্য পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান ২২ জানুয়ারি, বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২৫ জানুয়ারি এবং প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয় ২৮ জানুয়ারি বিকাল চারটা।
জানা গেছে, ২৮ জানুয়ারি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের কার্যালয়ে কেউ প্রার্থীতা প্রত্যাহার না করায় অনুষ্ঠিতব্য নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরীতে ১৭ জন বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছে।
তবে কয়েকজন অভিভাবক সদস্য প্রার্থী স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ তুলেছেন, তাদেরকে বিভিন্ন মামলায় আসামি করার হুমকি দিয়ে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হচ্ছে। এরই জেরধরে গত ২৮ জানুয়ারী রাত ৭ টার দিকে সদস্য সদস্য প্রার্থীদের ঢেকে এনে তাদেরকে জোরপূর্বক মনোনয়ন ফরম প্রত্যাহারের জন্য চাপ দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অনুষ্ঠিতব্য সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন বানচাল করার মাধ্যমে আগের মতো বিদ্যালয়ের বিভিন্ন খাতে দূর্নীতি লুটপাট করতে একটি মহল এইধরনের চক্রান্ত করছেন বলে দাবি অভিভাবক প্রতিনিধিদের।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রার্থী নাসির উদ্দিন বলেন; যথা সময়ে নিয়মানুযায়ী আমরা ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছি। কিন্ত একটি মহল নানাভাবে আমাকেসহ তিনজনকে মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিতে জোরাজোরি করছেন।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন; ২৮ জানুয়ারি বিকাল চারটায় অফিস টাইম শেষে আমি বাসায় চলে যাই। তবে, এদিন রাত সাতটার দিকে আমার অফিসে এসে কতিপয় লোকজন কয়েকজন প্রার্থীকে মনোনয়ন ফরম প্রত্যাহারের জন্য জোরাজোরি করেছে বলে শুনেছি। আমার জানা মতে, কেউ প্রত্যাহার বা এ সংক্রান্ত অভিযোগ দেয়নি।
চকো/জে







