কক্সবাজারের চকরিয়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের তিনজন ইউপি মেম্বারের মৃতুজনিত তাদের শুন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৯ মার্চ শনিবার ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০, এর ৫ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ইরফান উদ্দিন নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর, চিরিঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ও কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য ( মেম্বার) পদে শুন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২৪ জানুয়ারি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ইরফান উদ্দিন স্বাক্ষরিত নির্বাচনী তফসিলে বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল, ১৫ ফেব্রুয়ারী প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই, ২২ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ৯ মার্চ শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার রুকুনউদ্দিন খোকা, গত ২৮ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির আহমদ ও সর্বশেষ গত ১০ ডিসেম্বর কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মোজাহের আহমদ নিজ বাড়িতে মারা যান।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ইরফান উদ্দিন বলেন, উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের তিনজন ইউপি সদস্য মারা গেলে বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করি। পরবর্তী কমিশন ওই তিনটি ওয়ার্ডকে শুন্য ঘোষণা করে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০, এর ৫ অনুযায়ী ইউপি সদস্য (মেম্বার) পদে শুন্য আসনে উপনির্বাচনের নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
চকো/জে।







