কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল হক সিকদার ও তার ভাই কুদরত উল্লাহ সিকদার গুলিবিদ্ধ হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ গুলিবর্ষণ করেছে বলে প্রচার রয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে লিংক রোডস্থ মেম্বার পদপ্রার্থী কুদরতের অফিসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এসময় শ্রমিক নেতা জহির ও তার সহোদর মেম্বার পদপ্রার্থী কুদরত গুলিবিদ্ধ হন। কুদরত উল্লাহ সিকদার ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ দায়ীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।
গুলিবিদ্ধ দুই সহোদরকে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কক্সবাজার জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী জানান, কুদরত উল্লাহ সিকদার ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং আগামী ১১ নভেম্বরের নির্বাচনে একই পদে প্রার্থী।
কুদরত উল্লাহর সমর্থকেরা হামলার জন্য প্রতিপক্ষ মেম্বার প্রার্থী লিয়াকত আলীর সমর্থকদের দায়ী করেছেন। তারা জানিয়েছেন, বন্দুকধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে চড়ে এসে গুলি করে পালিয়ে যায়। এসময় কুদরত ও তার ভাই জহির নির্বাচনী অফিসে সমর্থকদের সঙ্গে বসে আলাপ করছিলেন।







