সদ্য প্রয়াত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (১৫ মে) আবুধাবিতে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে শ্রদ্ধা ও শোক জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন সদ্য প্রয়াত আমিরাতের প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা ও শোক জানানোর পাশাপাশি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ হতে তাকে অভিনন্দন জানান।
ড. মোমেন বলেন স্বাধীনতা লগ্ন থেকেই বাংলাদেশের জনগণ ও সরকার সংযুক্ত আরব আমিরাতের সাথে ছিল এবং আছে, ভবিষ্যতেও বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সকল উন্নয়নের অংশীদারিত্ব হয়ে থাকবে। রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের সকল জনগণকে শুভেচ্ছা জানান।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, রাজপরিবারের সদস্যরা, উচ্চপদস্থ কর্মকর্তারা, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অকৃত্রিম বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়ভাবে ১ দিনের শোক ঘোষনা করা হয়।
একদিনের সংক্ষিপ্ত সফরে আমিরাতের প্রতি সংহতি জানাতে শনিবার (১৪ মে) আবুধাবী সফরে আসেন ড. মোমেন।







