চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখে বাড়ি ফেরার পথে মো. তৌহিদুল ইসলাম (৪০) নামে এক শিক্ষককে ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার তিনটার দিকে বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় সড়কের উপর এ ঘটনা ঘটে। আহত শিক্ষক তৌহিদ ওই এলাকার কামাল হোসাইনের ছেলে। তিনি চকরিয়া গ্রামার স্কুলের চারুকলা বিভাগের শিক্ষক বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টেলিভিশনে ব্রাজিল-সার্বিয়ার খেলা দেখতে স্থানীয় রসুলাবাদ এলাকার একটি চায়ের দোকানে যান তৌহিদ ও তার বন্ধু জকরিয়া। এসময় তৌহিদের বড় ভাই মোর্শেদও খেলা দেখতে দোকানে অবস্থান করেন। এক পর্যায়ে ফুটবল খেলা নিয়ে মোর্শেদ ও জকরিয়ার মধ্যে কথাকাটি হয়। তবে ওইসময় বিষয়টি মিটমাট করে দেন তৌহিদ।
পরে রাত সাড়ে তিনটার দিকে খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কের উপর মোটরসাইকেল থামিয়ে তৌহিদকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় জাকারিয়া।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##







