মহেশখালীতে সাম্প্রতিক খুন হওয়া মহেশখালী কলেজের ছাত্র আরফাত হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে প্রযুক্তির সাহায্যে রামু উপজেলার গর্জনীয়া-কচ্ছপীয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাহ আলম ও তৌহিদুল আলম। তারা মামলার ৪ ও ৮নং আসামী।
গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান, প্রযুক্তি ব্যবহার করে আসামীদের লোকেশন সনাক্ত করতে পুলিশের একটি টিম কাজ করছিল। এক পর্যায়ে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মহেশখালী থানায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও মামলার অন্যান্য আসামীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।
গত ২৫ সেপ্টেম্বর ধানক্ষেত থেকে গরু ধান খাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় মহেশখালী জাগিরা ঘোনা নামক এলাকায় আরফাতকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয় সালাম মিয়া ড্রাইভারের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী তার উপর হামলা চালায় বলে জানা যায়। পরে গুরুতর জখম অবস্থায় চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরফাতের মৃত্যু হয়।







