কক্সবাজারের পেকুয়ায় মহিলার হাত ও পায়ের রগ কাটা লাশ উদ্ধারের ২৪ ঘন্টা পর র্যাবের হাতে আটক হয়েছে নিহতের স্বামী ও তার এক সহযোগী। মঙ্গলবার গভীর রাতে চকরিয়া উপজেলার বদরখালীতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে তাদের দুজনকে আটক করে।
আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের আব্দুল হাকিম পাড়া এলাকার নুরুল আলমের ছেলে রিদুয়ান ও একই ইউনিয়নের ছাদেরঘোনা এলাকার কবির হোসেনের ছেলে মোঃ সুজন।
মঙ্গলবার ভোরে সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুইন্যামুইন্যা ব্রীজের দক্ষিন পাশের বিলের মধ্যে ওই মহিলার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এই লাশ উদ্ধার করে। এই নারীর বাম হাত ও দু’পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। পেকুয়া থানা পুলিশ, পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআই এ ঘটনার তদন্তভার নেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কথিত ঘাতক স্বামী রিদুয়ান ও তার সহযোগী সূজন নামের দুজনকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে স্বামী রিদুয়ান ও তার এক সহযোগী সুজনকে আটক করা হয়েছে।







