কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ সন্তানের জননীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ১ ডিসেম্বর দুপুর ১টার দিকে উপজেলা মগনামা ইউনিনয়নের বাজারপাড়াস্থ আশ্রয়কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মগনামা বাজারপাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মো.কাইসার (৩০) ও একই এলাকার আপেল উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২৫)।
নিহত কাইসার উদ্দিন পেশায় অটোরিকশা চালক ও প্রতিবেশী আমেনা বেগম ৩ সন্তানের জননী বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে অটোরিক্সার ব্যাটারী চার্জ দিতে যায় মো.কাইসার। এসময় তৎক্ষনাৎ বিদ্যুতষ্পৃষ্ট হয় কাইসার। চিৎকার শুনে তাঁকে উদ্ধার করতে যায় আমেনা বেগম নামের এক প্রতিবেশী মহিলা। এতে দুজনেই বিদ্যুৎ তাঁরে জড়িয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া দুজনেই মগনামা বাজারপাড়ার বাসিন্দা। সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে সরকার কৃর্তক এ বাড়ি পেয়েছিলেন তাঁরা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।







