টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন এর নাফ নদীতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর সদস্যরা অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে।
০১ ডিসেম্বর বিকেলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মাদ ইফতেখার এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান ০১ ডিসেম্বর বুধবার ভোরে টেকনাফ ২ বিজিবি’র অধীনস্থ হোয়াইক্যংয়ের ঝিমংখালি জালালের ঘের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে কৌশলগত ভাবে অবস্থান নেয় বিজিবি’র জওয়ানেরা।
কিছুক্ষণ পর শূন্য রেখা অতিক্রম করে একটি নৌকা বাংলাদেশে প্রবেশ করতে দেখা মাত্রাই তাদের ধাওয়া করা হয়।
পরে স্পীড বোট দিয়ে চার দিক থেকে ঘেরাও করে তিন জন রোহিঙ্গাকে আটকের পর নৌকাতে তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে তিনি জানান।
আটককৃত রোহিঙ্গারা হলো, উখিয়া বালুখালী ১১ নং ক্যাম্পের রোহিঙ্গা মোঃ হাসানের ছেলে মুজিবুর রহমান (২১), আবু ছৈয়দের ছেলে মাহবুর রহমান (২০) ও নুর ইছামত এর ছেলে আমানুল্লাহ।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।







