বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি।”
স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মি. আলমগীর এ কথা বলেন।
বিএনপির মহাসচিব এমন একটি সময় এমন মন্তব্য করলেন, যার একদিন আগে শতাধিক গাড়ির বহর নিয়ে নিজ জেলা পঞ্চগড়ে যেতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নতুন দলটির বড় পদ পাওয়ার পর বাড়ি ফেরার পথে মি. আলমের এমন ‘শোডাউন’ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।
এদিকে, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও সভায় মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
“যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটে পাশে এসে দাঁড়ায়, তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না,” বলেন মি. আলমগীর।
অন্যদিকে, জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
“সংস্কারের কথা বলে উসিলা সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে পেছানোর চেষ্টা চলছে। এর পেছনে উদ্দেশ্য আছে। সব বুঝি, কিন্তু বলতে চাই না,” বলেন মি. হোসেন।







