চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে চেক প্রতারণা মামলায় আটকের ১২ ঘণ্টা পর মুক্তি দিয়েছে চকরিয়া থানা পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রি-কলের কপি পুলিশের কাছে হস্তান্তর করলে চেয়ারম্যান আদরকে মুক্তি দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ইউপি চেয়ারম্যান আদরকে পুলিশ আটক করে।
মামলার ওয়ারেন্টের রি-কল দিতে না পারায় রাত ১১টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নাদিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০২১ সালে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত-২ এ ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের বিরুদ্ধে একটি চেক প্রতারণা মামলা (এনআইএক্ট) দায়ের হয়।
ওই মামলায় চলতি বছরের ১২ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ২৩ মে আদর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে এক হাজার টাকার বন্ড ও দুইজনের জিম্মায় চেয়ারম্যানকে জামিন দেন।
তিনি জামিন নিলেও চকরিয়া থানায় জামিনের রি-কল জমা দেননি। ফলে গ্রেপ্তারি পরোয়ানাটি বিনাতামিলের হিসেবে ছিল।
তিনি আরও বলেন, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। আইনজীবীর মাধ্যমে থানায় রি-কল জমা দেয়ায় তাকে মুক্তি দেয়া হয়েছে।







