কক্সবাজারের চকরিয়ায় ২৭ কেজি গাঁজা ও ৬৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব৷ এসময় মাদক পাচারে ব্যবহ্নত একটি কারগাড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতো গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার মৃত নজরুল ইসলামের ছেলে মিনহাজুর রহমান ওরফে মিনহাজ (২৪) এবং চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার চরচাকতাই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫)।
লে. কর্নেল সাজ্জাদ জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রামের থেকে প্রাইভেটকারে মাদকের একটি বড় চালান আসার খবর পায় র্যাব।
ওই খবরের ভিত্তিতে র্যাবের একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা স্টেশনে তল্লাশি চৌকি স্থাপন করে।
পরে চট্টগ্রাম থেকে আসা একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে মাদকসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।







