কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারায় হাতির আক্রমণে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকা থেকে চকরিয়া থানার পুলিশ ও ডুলাহাজারা বনবিট কর্মকর্তা লাশটি উদ্ধার করেন।
শনিবার রাত সাড়ে ১১ টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০-৬৫ হতে পারে বলে ধারণা করছেন পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যার দিকে পাহাড়ের পাদদেশে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাবেদ মাহমুদ।তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।







