সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পরিত্যক্ত পানি উত্তোলন কেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে। মস্কোর মিত্র দামেস্কে চালানো সাম্প্রতিক ক্রমবর্ধমান হামলার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা। বুধবার উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছে।
ঘটনাস্থল থেকে একটি আন্তর্জাতিক সংস্থার এক সংবাদদাতা জানান, মঙ্গলবার রাতে ইদলিব শহরের পশ্চিমে আইন শিবের কাছের স্থাপনা লক্ষ্যকরে দু’টি বিমান হামলা চালানো হয়। সেখানে গৃহহীন সিরিয়ার অনেক নাগরিক বসবাস করছিল।
হোয়াইট হেলমেট উদ্ধার গ্রুপের একজন স্বেচ্ছাসেবক রামি আল-ডানডাল বলেন, সেখানে রাশিয়ার ‘হামলায় দুইজন নিহত হয়েছে। তারা দু’জনেই বেসামরিক নাগরিক। হামলায় আরো পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে।’
তিনি বলেন, নিহতদের একজনের বয়স ১৮ বছর এবং অন্যজন বয়স্ক ছিল।
২০১৫ সাল থেকে সিরিয়ার যুদ্ধে বিদ্রোহীদের কাছে দামেস্কের হাতছাড়া হওয়া বেশিরভাগ অঞ্চল ফিরে পেতে মস্কো সিরিয়াকে সহায়তা করেছে।
ছবি: ইন্টারনেট থেকে







