কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
বুধবার দুপুরে তাকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকিসহ গ্রেপ্তার করা হয়।
৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, গ্রেপ্তার আরসা সদস্যের নাম নুর হাকিম (২৮)। তিনি বালুখালী এ/৪০ ব্লকের তজমিরের ছেলে এবং আরসার সক্রিয় সদস্য।
আমির জাফর বলেন, ‘বুধবার দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের নতুন রাস্তার মাথা এলাকা থেকে নুর হাকিমকে এসব অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।







