কক্সবাজারের চকরিয়ায় মোটর সাইকেল চালককে বাঁচাতে গিয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে প্রাণ হারায় ও বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন বাসযাত্রী কমবেশী আহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল চালক মোহাম্মদ রায়হান চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মো. শাহাবউদ্দিনের ছেলে।
শুক্রবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানিশেছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এক বাইকচালককে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় বাস থেকে রক্ষা পাওয়া বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাইকচালক গুরুতর আহত হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মাকসুদ আহমদ জানিয়েছেন, ’দুর্ঘটনায় পতিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। রায়হানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের পাঁচজনকে চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের মুন্সিমিয়ার ছেলে মুমিনুল হোছেন, উখিয়ার কুতুপালং ২ নং ক্যাম্পের নূর আংকিস ও চকরিয়ার হারবাংয়ের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জিসান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।







