নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বসতঘর থেকে ১০ ফুট সাইজের লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে, তা বনে অবমুক্ত করা হয়েছে।
গত ১৯ মে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ক্যাম্প পাড়ার মৃত আলী আকবর মেম্বারের বসতবাড়ির ভিতরে অজগরটি ঢুকে পড়লে তাৎক্ষণিক পাড়া প্রতিবেশিকে খবর দেয় মেম্বারের পুত্র শেখ কামাল। খবর পাওয়া মাত্র প্রতিবেশীরা অজগর সাপটি উদ্ধার করতে সক্ষম হয়।
শনিবার (২০ মে) সকালে অজগর সাপটি উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন নাইক্ষ্যংছড়িস্থ রেজু বিট কর্মকর্তা ও তুমব্রু বিওপি’র বিজিবি’র জোয়ানরা।
পরে স্থানীয়দের উপস্থিতিতে বাইশপাড়ীর তুইঙ্গাঝিরি এলাকার গহীন বনে সাপটি অবমুক্ত করেন রেজু বনবিট।
অজগর সাপটি অবমুক্তের পর বিট কর্মকর্তা উমর ফারুক ও অজগর সাপটির উদ্ধারকারী শেখ কামাল বলেন, সাপটিকে বসতঘর থেকে যত্নসহকারে উদ্ধার পূর্বক সম্পূর্ণ সুস্থ অবস্থায় গহীন বনে অবমুক্ত করা হয়েছে।







