কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রবিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হলো জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহম্মদ নুরুল হুদার ইংরেজি ভাষায় অনূদিত ৩৭টি কবিতা ও এসব কবিতার থিম নিয়ে সার্বিয়ান চিত্র শিল্পী সোফিয়া ইয়াচিনা কর্তৃক অংকিত কবিতা ও পেইন্টিং এর প্রদর্শনী।
বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পেইন্টিং প্রদর্শনীতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া।
মুহম্মদ নুরুল হুদা সত্তর দশকের একজন বাংলাদেশী প্রথিতযশা কবি। তিনি জাতিসত্তার কবি হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা এবং ইংরেজি ভাষায় অনূদিত কবিতার সার্বিয়ান ইলাস্ট্রেটর ও আর্টিস্ট সোফিয়া ইয়াচিনা।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী, রেজিস্ট্রার প্রফেসর সুকুমার দত্ত, ডিন ড. রণজিত দস্তিদার, কবি ও অনুবাদক ইউসুফ রেজা।
কবি মুহম্মদ নুরুল হুদার কবিতা প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।







