কক্সবাজারের পেকুয়া উপজেলার মাতামুহুরী নদীর শাখা ভোলাখালের রাবার ড্যাম এলাকা থেকে ভাসমান অবস্থায় হানিফা জান্নাত মনি(১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া থানার পুলিশ হাফ প্যান্ট পরা ওই শিশুর লাশ উদ্ধার করেছেন।
বুধবার বিকালে ওই শিশু পেকুয়া সদর ইউনিয়নের বক্সু চকিদার পাড়া তার বোনের শশুর বাড়ি থেকে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়।
হানিফা জান্নাত মনি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের কবির হোসেনের মেয়ে। হানিফা জান্নাত মনি পেকুয়া সদর ইউনিয়নের বক্সু চকিদার পাড়ায় তার বড় বোন তছলিমার শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল।
সে বুধবার বিকালে বোনের শশুর বাড়ী থেকে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার ভোরে পাশে মাতামুহুরী নদীর শাখা ভোলাখালের রাবার ড্যাম এলাকায় লাশ ভাসতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেন।
পুলিশ এদিন সকাল সাড়ে ৭টার দিকে গিয়ে লাশ উদ্ধার করেন। পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান; হানিফা জান্নাত মনির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি বলে তিনি জানান।







