কক্সবাজারের উখিয়ার বালুখালীতে পুকুরের পানি থেকে দুই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ব্লকের বাসিন্দা মোঃ ইলিয়াছ এর ছেলে মোঃ রাইয়ান (০৮) ও একই রোহিঙ্গা ক্যাম্পের ইসমাইলের ছেলে আবছার মিয়া(৯)।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ।
জানা গেছে , কয়েকজন লোক বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে পুকুরে লাশ দুটি ভাসতে দেখেন। পরে বিজিবির মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে খবর দেয়া হয় । এঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের উপ -পরিদর্শক আল আমিন ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যান ।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শিশু দুটি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে তাদের লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন । পরে তাদের লাশ উদ্ধার করা হয়।লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







