চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার ১৪ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া আমতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ খুলনার খালিশপুর এলাকার মারুফ হোসেনের ছেলে। তিনি ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করতেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মুর্শেদুল আলম ভুঁইয়া বলেন, জাহিদ মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। এসময় তিনি মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান জাহিদ। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।
বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







