টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন (বিসিজি)স্টেশন এর প্রশাসনিক ভবন, অফিসার্স মেস ও নাবিক নিবাস ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার(৫ ডিসেম্বর) সকাল ১১টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরে ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী (এনডিইউ,এএফডব্লিউসি,পিএসসি)।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন কাজী শাহ আলম বি,এন, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল শেখ খালেদ মাহমুদ ইফতেখার, টেকনাফ বিসিজি ষ্টেশান কমান্ডার লেঃ কমান্ডার নাইমুল হক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীসহ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় চট্টগ্রাম জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন কাজী শাহ আলম বি,এন, সাংবাদিকদের জানান, সীমান্তের টেকনাফে কোস্টগার্ডের গুরুত্বপূর্ণ স্টেশনটিতে দীর্ঘদিন ধরে আবাসন সহ অবকাঠামোগত নানা সংকটের মধ্য দিয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করতে হয়েছে। দায়িত্ব পূর্ণ সমুদ্র এলাকায় মাদক, জলদস্যুতা সহ বিভিন্ন অপরাধ দমনে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানো ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে নতুন ভবন স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য যে, জানুয়ারি ২০১৭ হতে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র সম্পদের সংরক্ষণ, উপকূলীয় অঞ্চলে চোরাচালান দমন, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ, বনজ সম্পদ সংরক্ষণ, জাটকা ও মা ইলিশ নিধন প্রতিরোধ এবং মানব পাচার প্রতিরোধে সফল ভূমিকা পালন করে আসছে।
নতুন নির্মিত ভবনগুলো উদ্বোধনের পর প্রধান অতিথি কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী (এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি)মুজিব বর্ষ উপলক্ষে নতুন ভবন প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপন করেন। পরে অর্ধ—শতাধিক জেলেদের মাঝে লাইফ জ্যাকেট, বয়া, টর্চ—লাইট, ম্যাগনেটিক কম্পাস ও রেডিও বিতরণ করা হয়।







