আরাকান মহাসড়কের চকরিয়ার চিরিঙ্গা থানা রাস্তার মাথা এলাকায় একটি বাস আরেকটি বাসকে উল্টোপথে অতিক্রম কালে এক বাস শ্রমিক নিহত হয়েছে।
১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় এ ঘটনাটি ঘটে। নিহত বাস শ্রমিকের নাম মোঃ ইমন (১৯), পিতা নুরুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলার আমিরাবাদে।
প্রাপ্ত তথ্যমতে- ঘটনার দিন উল্লেখিত সময়ে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২০৩৫) কক্সবাজার যাচ্ছিল। উক্ত গাড়িটিকে পেছন থেকে উল্টোপথে বেপরোয়া গতিতে শ্যামলী মিনি বাসের একটি গাড়ি (চট্ট মেট্রো-ব-১১-২০০৯) অতিক্রমের সময় হানিফ গাড়ির দরজায় দায়ীত্বে থাকা বাস শ্রমিক মোঃ ইমন এর মাথা ও গায়ে ধাক্কা লাগে।
এতে উক্ত বাস শ্রমিক গুরুতর আহত হলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া হাইওয়ে থানার ও.সি. নাজমুল ইসলাম জানান এ বিষয়ে মামলা রজু ও দুর্ঘটাক্রান্ত বাসগুলো জব্দ করা হয়েছে এবং ঘাতক চালক পালাতক রয়েছে।







