ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে গুলি করে মারার দুইদিন পর বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমারের মৃতদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
বুধবার মধ্যরাতে উপজেলার ধনতলা সীমান্তে তারা মরদেহ হস্তান্তর করে বলে সাংবাদিকদের জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির।
গত সোমবার রাতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টাকালে বিএসএফের গুলিতে মারা যান মি. কুমার। ওই ঘটনায় তার বাবা মহাদেব কুমারসহ আরও দু’জন গুলিবিদ্ধ হন।
হত্যার পর মি. কুমারের মরদেহ নিয়ে গিয়েছিল ভারতীয় সীমান্ত রক্ষীরা। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফেরত আনার উদ্যোগ নেয় বিজিবি।
এছাড়া কিশোর জয়ন্ত কুমারকে গুলি করে হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে সীমান্ত হত্যা থেকে ভারতের বেরিয়ে আসা উচিত বলেও মঙ্গলবার মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সূত্র: বিবিসি







