কক্সবাজারের পেকুয়ায় গাছের ডালপালা কাটতে উঠে আবু মুহাম্মদ ইউছুপ (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গাছে বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে বিদুৎতায়িত হয়ে তিনি মারা গেছেন।
রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মগনামা ইউপির হাজি মৌলভী পাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত আবু মুহাম্মদ ইউছুপ একই এলাকার মৃত মাস্টার আবু ছৈয়দের ছেলে ও মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে,গত দুইদিন ধরে নিহতের বাড়িসহ তৎসংলগ্ন এলাকায় ট্রান্সফরমার নষ্ট হওয়ার কারণে বিদ্যুৎ ছিলনা। সেই সুযোগে বাড়ির চারদিকে বেশ কিছু গাছ ডালপালা বেড়ে যাওয়ায় কেটে দেয়ার জন্য গাছে উঠেন আবু ইউছুপ। কিন্তু বিদ্যুৎ লাইনের দুইটি তারের মধ্যে উপরের তারে সব সময় বিদ্যুৎ থাকে তা জানা ছিলনা নিহত ইউছুপের।
গাছের উপরে উঠলে ওই তারের সঙ্গে সংযোগ হয় তার। এতে তার মৃত্যু হয় এবং এক পর্যায়ে গাছের উপর থেকে পড়ে যান। বাড়ির লোকজন তার অবস্থা দেখে দ্রুত পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া পল্লী বিদ্যুতের এজিএম দিপন চৌধুরী বলেন, সকালে ওই বাড়ির লোকজন এসে বলেন তাদের ট্রান্সফরমারটা নষ্ট। আমরা তা দ্রুত সংস্কার করার কথা বললে তারা চলে যায়।
কিন্তু ট্রান্সফরমার নষ্ট হলেও বিদ্যুৎ লাইনের দুইটি তারের মধ্যে উপরের তারে সব সময় বিদ্যুৎ চলমান থাকে। সেই তারে অসাবধানতায় জড়িয়ে পড়েন ওই যুবক। যার কারণে তার মৃত্যু হয়।







