কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর বোর্ড অব ট্রাস্টিজ এর সন্মানিত চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, বঙ্গবন্ধু কোনো দলের নয়, তিনি সমগ্র বাঙালির, তিনি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, তিনি জাতির জনক, তিনি বাঙালির মুক্তি ও চেতনার অগ্রদূত। তাঁর আহ্বানে ১৯৭১ এ মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং তাঁর নির্দেশনায় মাত্র নয় মাসে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ইতিহাসের এই সত্য সবাইকে মেনে নিতে হবে। সুতরাং তাঁকে নিয়ে অনাহুত কোনো বিতর্ক অনভিপ্রেত। তিনি আজ মঙ্গলবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়।
গৃহীত কর্মসূচির আলোকে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ ও বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পরপরই বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর সন্মানিত চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন। আলোচনার শুরুতে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা ও মোনাজাত করা হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী, ডিন প্রফেসর মোস্তাইন বিল্লাহ । শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক আদিল ইলাহী।
জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে প্রকাশিত “শোকাঞ্জলি” স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান তামান্না নওরিন আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।







