করোনাভাইরাস প্রদুর্ভাবের কারণে দেড় বছর বন্ধের পর অতপর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও শর্তসাপেক্ষে সশরীরে ক্লাস ও পরীক্ষা নিতে পারবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি গত বৃহস্পতিবার এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানিয়েছে।
এক্ষেত্রে ইউজিসি শর্ত জুড়ে দিয়ে বলেছে, সরাসরি শিক্ষা কার্যক্রমে যাওয়ার আগে শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ বা টিকার জন্য নিবন্ধন করতে হবে।
ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত নির্দেশনায় টিকা সংক্রান্ত শর্ত মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাস খুলার ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয়েছে।
করোনা মহামারী চলাকালে ক্যাম্পাস বন্ধ থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এতদিন অনলাইনে ক্লাশ ও পরীক্ষা চালু রেখেছে, শিক্ষার্থীও ভর্তি করেছে।
কমিশন থেকে ইতোমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের কাছে পাঠানো নির্দেশনায় ইউজিসি জানিয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে নিজেদের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, পরীক্ষাসহ অন্যান্য শিক্ষা কাযক্রম চালু রাখতে পারবে।







